মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা উপদেষ্টার পাশাপাশি এই আইনি নোটিশ পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, জনপ্রশাসন সচিব এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও।

এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সারউজ্জামান। তিনি পিআরএলে (অবসরের প্রাক্কালে ছুটি) থাকা মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে এটি পাঠিয়েছেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর মাউশির ডিজি পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬তম বা তার পরবর্তী ব্যাচের কর্মকর্তারা এই পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বশীল এবং প্রশাসনিক কার্যক্রমে অভিজ্ঞ হতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে থাকতে হবে কৃতিত্বের পরিচয়।

এই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা বাতিলের দাবি জানানো হয়েছে নোটিশে।