ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। বৃহস্পতিবার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সবুরেন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং আব্দুস ছোমেদ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি ধানের শীষ প্রতীকের প্রচারণা করেন।
প্রচারণার ভিডিও ও ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন সৈকত। ভিডিওতে দেখা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে তিনি বিএনপির ৩১ দফার ব্যাখ্যা দেন এবং লিফলেট পড়তে বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা ভবিষ্যতে চাকরি, ডাক্তার-ইঞ্জিনিয়ার বা রাজনীতিতে আসবে এবং তাদের পক্ষ থেকে সালাম জানান।
আব্দুস ছোমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক মাসুম বলেন, টিফিন টাইমে আসলেও সৈকতকে রাজনৈতিক প্রচার না করতে বলা হয়েছিল, যা তিনি উপেক্ষা করেছেন। সবুরেন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র তালুকদারও জানান, সৈকত শ্রেণিকক্ষে প্রবেশ করে লিফলেট বিতরণ করেছেন এবং ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দিতে বলেছেন।
কিছু অভিভাবক বলেন, স্কুলে পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক প্রচারণা গ্রহণযোগ্য নয়। সৈকত মোবাইল ফোনে সাংবাদিকদের অভিযোগ অস্বীকার করেন এবং অন্য রাজনৈতিক দলকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।
সেনাবাহিনীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন, বিদ্যালয় শিক্ষা অর্জনের স্থান, রাজনীতির নয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামও জানান, পাঠদানের সময় রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ অনৈতিক এবং নিয়মবিরুদ্ধ। এ বিষয়ে রিপোর্ট চেয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তারা।





