ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীরা তাদের গ্রহণ করেছে এবং ইনশাআল্লাহ তারা বিজয়ী হবেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।
সকাল ৮টার কিছুক্ষণ পর ভোট দেন ভিপি প্রার্থী সাদিক কায়েম ও এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দিন খাঁন।
ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয়ের ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে ভোট দেবেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোরে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছায় এবং সাংবাদিক ও এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়। এবার প্রথমবারের মতো হলের বাইরে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উপাচার্য শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রতিটি ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে—কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদের জন্য।





