চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের   বারোঘরিয়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থীদের ধাওয়ার মুখে পড়েন  জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার  (১৯ জানুয়ারি ) দুপুরের দিকে বারোঘরিয়া এলাকায় আব্দুর রাকিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষুব্ধ কলেজ শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে।

 পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি প্রাণ রক্ষার্থে নিকটবর্তী একটি মেসে আশ্রয় নেন।
এ সময় শিক্ষার্থীরা মেসের চারপাশে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে।

প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তিনি ওই মেসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা দেখা দেয়।


পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপদে আব্দুর রাকিবকে উদ্ধার করে।

 এরপর তাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, শিক্ষার্থীদের পক্ষ থেকেও অভিযুক্তের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।