ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
\r\nশুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

\r\n

তিনি জানান, শুক্রবার সকালে সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

\r\n

জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
\r\nবর্তমানে তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

\r\n

এর আগে গত শুক্রবার তিনি রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ল্যাবএইডে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছিল। পরদিন অস্ত্রোপচারে দুটি রিং পরানো হয়। কিছুটা উন্নতির পর লাইফ সাপোর্ট থেকে সরানো হলেও পরে আবার অবস্থার অবনতি ঘটে।

\r\n

সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ‘ইয়েটসের কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

\r\n

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কথাসাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবে সাহিত্য অঙ্গনে রেখে গেছেন গভীর ছাপ।