এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে নতুন তথ্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি জানিয়েছেন, সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী বাড়ি ভাড়া ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২ হাজার টাকা) এখন আলোচনাধীন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি–২০২৫ এর ফলাফল নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ তথ্য জানান।

সি আর আবরার বলেন, “শিক্ষকরা আমাদের শিক্ষাব্যবস্থার প্রাণ। শুরু থেকেই আমি তাদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে ছিলাম। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এ বিষয়ে সহানুভূতিশীল।”

তিনি জানান, শিক্ষক সংগঠনগুলো ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ অন্যান্য দাবি তুলেছে। তবে সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা বিবেচনায় ৫ শতাংশ বাড়ি ভাড়া (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানোর প্রস্তাব আলোচনায় রয়েছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, “আমি বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশের মাধ্যমে আগামী বছর আমরা আরও সম্মানজনক বেতন কাঠামোর দিকে যেতে পারব।”

তিনি আরও বলেন, “সরকার শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধাশীল ও সংবেদনশীল। সামর্থ্য অনুযায়ী শতাংশভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে—কারণ বেতন শুধু নয়, মর্যাদা ও সক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।”

এদিকে, ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতারা বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে আলোচনায় বসছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতাংশভিত্তিক ভাতা দাবি করেছেন। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, একবারে ২০ শতাংশ বৃদ্ধি সম্ভব নয়, ধাপে ধাপে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।