ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র–জনতা।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও পরিচিত। গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।