বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে তারা এই কর্মসূচি শুরু করলে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার (২৫ আগস্ট) নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয়ে ডেকে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির ডাক দিয়েছেন তারা।
বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং প্রকৌশল পেশায় নিয়োজিত প্রকৃত গ্র্যাজুয়েটদের অধিকার নিশ্চিত করতে হবে। এ দাবিতে তারা তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে— অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা, প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়ন, এবং একটি প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন।
এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শাহবাগে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করার কর্মসূচিও চলছে।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোড়টি অবরুদ্ধ থাকায় রমনা, সায়েন্সল্যাব ও টিএসসি এলাকায় যানজট দেখা দিয়েছে।





