সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পূজাকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
\r\nবিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছর সারাদেশে ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। এসব মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আগামী ৩ অক্টোবর পর্যন্ত প্রতিটি ব্যাটালিয়ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
\r\nরাজধানীতে ইতিমধ্যে ৯৪টি টহল দল এবং সারাদেশে ২৮১টি টহল দল কাজ করছে। পাশাপাশি প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ কন্ট্রোল রুম থেকে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।
\r\nর্যাব সদর দপ্তর থেকে সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে র্যাবকে জানাতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
\r\nএছাড়া দুর্গাপূজা চলাকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র্যাব কন্ট্রোল রুম ও প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।





