শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব পূজামণ্ডপে ৭১ হাজার ৬৬ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সারা দেশে প্রায় ৩২ হাজার মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পূজা উপলক্ষে সকল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, আনসার এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের শুরু থেকে অল্প কয়েকটি স্থানে ছোটখাট ঘটনা ঘটলেও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে তা প্রশমিত বা প্রতিকার করা হয়েছে। এসব বিচ্ছিন্ন ঘটনা মূলত সাধারণ অপরাধ, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধের ফল।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, ২ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সংঘটিত নয়টি ঘটনায় তিনটিতে জিডি করা হয়েছে, ছয়টিতে মামলা দায়ের হয়েছে এবং এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ—বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে তারা যথাসাধ্য চেষ্টা করবে।