২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২১ সালের বিক্ষোভে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৭ কোটি ৭০ লাখ টাকার চেক শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. আ ফ. ম. খালিদ হোসেন।
মোট ৭৭টি শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হয়—এর মধ্যে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিবার এবং ২০২১ সালের মার্চে বিক্ষোভ দমনে নিহত ১৯ জনের পরিবার রয়েছে। প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, “শহীদদের রক্ত বৃথা যায় না। শাপলা চত্বর ও মোদি বিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, আজকের এই স্বীকৃতি তাদের প্রতি জাতির শ্রদ্ধা।” তিনি আরও জানান, শাপলা চত্বরে শহীদদের নাম স্মারক ফলকে খোদাই করে সংরক্ষণ করা হবে।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ডা. খালিদ হোসেন বলেন, “এই সহায়তা শুধু আর্থিক নয়, এটি ইতিহাসে শহীদদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এতে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সেক্রেটারি জেনারেল মাওলানা সাজিদুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।
হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “স্থানীয় সরকার বিভাগের এই উদ্যোগে আলেম সমাজ সম্মানিত হয়েছে। এটি শহীদ পরিবারের প্রতি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”





