সুনামগঞ্জ প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে জেলা শহরের কাজীর পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্ট্যান্ড হয়ে আলফাত স্কয়ারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন বলেন,
“দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশ ও প্রতিনিধিত্বের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত করে প্রশাসন শিক্ষার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম। তিনি বলেন,
“শাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। অযৌক্তিকভাবে নির্বাচন স্থগিত রেখে প্রশাসন দায়িত্ব এড়াতে পারে না। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান এবং ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির, শিক্ষা সম্পাদক সুমেল আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে শাকসু নির্বাচনের ঘোষণা না দিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।





