শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
রবিবার (১৭ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক কারণে বন্ধ করে দেয়। যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে। শহীদ জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চা বাড়ানোর লক্ষ্যে \"নতুন কুঁড়ি\" আবার শুরু করছি।’
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।





