গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের বাগান গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। রাশেদ খাঁন বলেন, “নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে। তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো থেকে বিরত রাখতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে।”

\r\n

তিনি আরও বলেন, “নুর যখন কথা বলার চেষ্টা করছেন, তার বক্তব্য পুরোপুরি শেষ করতে পারছেন না। অনেক সময় অগোছালো কথা বলছেন। দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন তা খেয়েছেন কি না। কথা বলার সময়ে ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না এবং নিজের শরীর নিয়ন্ত্রণে রাখতে অসুবিধা হচ্ছে। তার অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়।”

\r\n

রাশেদ খাঁন অভিযোগ করেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। তবে আমার মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।”