শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, জাতীয় যুবশক্তি ও জাতীয় যুব সংহতিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তিন শতাধিক নেতা কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। গত শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বুড়িরহাট বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগদান করেন।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির জেলা মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় যুব সংহতি জেলার সদস্য সচিব মোহাম্মদ সিয়ামসহ তাদের অনুসারী নেতা কর্মীরা।
বিএনপিতে যোগ দিয়ে মজিবর রহমান খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি ও তার পরিবার দীর্ঘদিন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্তে তিনি দল থেকে পদত্যাগ করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপিতে যোগ দেন।
জাতীয় যুবশক্তির জেলা মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, এনসিপি নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সে কারণে শতাধিক নেতা কর্মী নিয়ে বিএনপির আদর্শে বিশ্বাস রেখে তারা দলে যোগ দিয়েছেন।
বাংলাদেশ জাতীয় যুব সংহতি জেলার সদস্য সচিব মোহাম্মদ সিয়াম বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিই সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি। সেই বিশ্বাস থেকেই তারা সংগঠিতভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।





