নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দেশি-বিদেশি মিলিয়ে অনুষ্ঠানে প্রায় ১,২০০ অতিথি অংশগ্রহণ করবেন।
দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচিত সংসদ সদস্যরা মন্ত্রিপরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথ গ্রহণ করবেন, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার এবং যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও আমন্ত্রণ পেয়েছেন।
নির্বাচনের ফলাফলে বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট ৭৭টি আসন লাভ করেছে। দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস ও গণসংহতি আন্দোলন একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।





