ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় নেতারা। নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
একসঙ্গে বিপুলসংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষের একটি রাজনৈতিক দলে যোগদানের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।
নবাগত সদস্যদের একজন কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড তাদের আকৃষ্ট করেছে। এসব কারণেই তারা স্বেচ্ছায় দলটিতে যুক্ত হয়েছেন।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমেই বাড়ছে। ন্যায়ভিত্তিক রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দলটি ধারাবাহিকভাবে কাজ করছে বলেও তিনি দাবি করেন। সকল ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।





