লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় ইরানের চারজন কূটনীতিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রবিবার (৮ মার্চ) রাতে শহরের একটি হোটেলে চালানো হামলায় এসব কূটনীতিক নিহত হন। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক জরুরি চিঠিতে এ তথ্য জানান।
চিঠিতে তিনি বলেন, ভোরের দিকে বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত হামলা চালায়, এতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের চারজন কূটনীতিক নিহত হন।
অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওই রাতে বৈরুতের একটি হোটেলে হামলা চালিয়েছে। তবে তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর কুদস ফোর্সের কয়েকজন শীর্ষ কমান্ডার।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ওই হামলায় কুদস ফোর্সের লেবানন কর্পস ও প্যালেস্টাইন কর্পসের পাঁচজন কমান্ডারকে লক্ষ্য করে আঘাত হানা হয়। তাদের দাবি, এই ইউনিট ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয়কারী হিসেবে কাজ করে।
লেবাননের কর্তৃপক্ষ জানায়, ভোরের দিকে চালানো ওই হামলায় একটি হোটেল কক্ষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
এদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৫৭০ জন নিহত এবং ১ হাজার ৪৪৪ জন আহত হয়েছেন। এছাড়া যুদ্ধের কারণে প্রায় ৭ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আল জাজিরা।





