দক্ষিণ লেবাননের টাইর জেলার আল-আব্বাসিয়েহ শহরে ড্রোন হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডারকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

\r\n

শুক্রবার ভোরে লিতানি নদীসংলগ্ন এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় হিজবুল্লাহর ফায়ারপাওয়ার ইউনিটের কমান্ডার মোহাম্মদ খাদের আল-হুসেইনি নিহত হন বলে জানায় আইডিএফ।

\r\n

ইসরায়েলের দাবি, হুসেইনি উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা এবং আরও কয়েকটি শহরে সাম্প্রতিক রকেট হামলাগুলোর মূল পরিকল্পনাকারী ছিলেন। তিনি হিজবুল্লাহর রকেট ও আর্টিলারি সক্ষমতা পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখছিলেন বলেও দাবি করা হয়েছে।

\r\n

আলজাজিরা ও টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, এই ড্রোন হামলা লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই চালানো হলো।

\r\n

ইসরায়েলি বাহিনী বলছে, হুসেইনির মৃত্যুর মাধ্যমে হিজবুল্লাহর আক্রমণাত্মক সক্ষমতায় বড় ধরনের ধাক্কা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল