স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে। তিনি জানান, প্রতিদিনই অস্ত্র উদ্ধার অভিযান চলছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। আশা করা হচ্ছে নির্বাচনের আগেই অধিকাংশ অস্ত্র উদ্ধার সম্ভব হবে। শুধু নির্বাচনকে ঘিরেই নয়, ভবিষ্যতেও দেশে কোনো ধরনের অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


\r\n

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


\r\n

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যায়, তখন কোনো ষড়যন্ত্রই কাজে আসে না। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করেছেন, সেই অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে কোনো প্রতিবন্ধকতা হবে না। আমরা সম্পূর্ণ প্রস্তুত।”


\r\n

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। বর্ডার এলাকায় বসবাসকারী জনগণও এখন অত্যন্ত সচেতন, যা দেশের নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখছে।


\r\n

আওয়ামী লীগ এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না—বিষয়টি নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন দেশ স্বাধীন, সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে, তখন এসব বিতর্ক কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কারণ জনগণই মূল শক্তি।”