গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিস্তল, চায়না রাইফেল, এলএমজি, এসএমজি এবং গুলির জন্য আলাদা আলাদা অঙ্কের পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “একটি পিস্তল বা শর্টগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল বা এসএমজি উদ্ধারে ১ লাখ টাকা এবং এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতিটি রাউন্ড গুলির জন্যও দেওয়া হবে ৫০০ টাকা। এই পুরস্কার সব নাগরিকের জন্য প্রযোজ্য থাকবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক নিয়োগ চলছে। এসব নিয়োগে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। কারও কাছে যদি কোনো অনিয়ম বা দুর্নীতির তথ্য থাকে, সেটি জানালে ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় গাজীপুরে পুলিশ কমিশনারের জন্য রাস্তা বন্ধের ঘটনায় ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে। কমিশনারকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ভারতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে ফিরিয়ে আনার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “এটা একটি স্বাভাবিক প্রশাসনিক বিষয়। যথাযথ প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে।”





