লিভারপুল শহরের কেন্দ্রস্থলে প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপনকালে একটি গাড়ি ভক্তদের ভিড়ে উঠে পড়ায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্কের অবস্থা আশঙ্কাজনক।

\r\n

সোমবার সন্ধ্যায় লিভারপুল ফুটবল ক্লাবের শিরোপা জয় উপলক্ষে আয়োজিত বিজয় প্যারেড চলাকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ও বার্তাসংস্থা রয়টার্স।

\r\n

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিভারপুল দলের বাসটি চলে যাওয়ার প্রায় ১০ মিনিট পর একটি দ্রুতগতির গাড়ি হঠাৎ জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে অনেকে ছিটকে পড়েন এবং আতঙ্কে ছড়িয়ে পড়েন আশপাশে। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

\r\n

গাড়ির নিচে আটকে পড়া চারজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে। দুর্ঘটনাস্থলেই প্রায় ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে।

\r\n

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনিই গাড়ির চালক।

\r\n

লিভারপুল পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অস্থায়ী ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস বলেন, “আমরা অন্য কাউকে খুঁজছি না। এটি কোনো সন্ত্রাসী কার্যক্রম নয়।”

\r\n

লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন,

\r\n
\r\n

“এই আনন্দময় দিনে এমন ঘটনা একটি গা ছমছমে ছায়া ফেলেছে।”

\r\n
\r\n

লিভারপুল এফসি এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানায়,

\r\n
\r\n

“এই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। আমরা পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি।”

\r\n
\r\n

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স-এ দেওয়া বার্তায় এ ঘটনাকে “ভয়াবহ” বলে উল্লেখ করে আহতদের প্রতি সমবেদনা জানান।

\r\n

স্প্রিং ব্যাং হলিডে উপলক্ষে ছুটির দিন থাকায় লাখো সমর্থক লিভারপুল শহরের কেন্দ্রে জমায়েত হয়েছিলেন। লিভারপুল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা ওপেন-টপ বাসে প্রিমিয়ার লিগ ট্রফি নিয়ে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছিলেন।