লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোরমান উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এ দুর্ঘটনায় অন্তত ৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
\r\nআন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে ২৯ জন সুদানের নাগরিক (এর মধ্যে একজন নারী ও একজন শিশু), ১৮ জন বাংলাদেশি, ১২ জন পাকিস্তানি এবং তিনজন সোমালি নাগরিক রয়েছেন।
\r\nমিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার আল-জাওয়িয়া শহর থেকে যাত্রা শুরুর কয়েক ঘণ্টা পরই তীব্র ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। তবে নিহতদের জাতীয়তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
\r\nআইওএম জানায়, বেঁচে যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তারা স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।
\r\nভূমধ্যসাগরের এই রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি হিসেবে পরিচিত। আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত এ রুটে ১,০৪৬ জন অভিবাসীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে।
\r\nপ্রসঙ্গত, গত সপ্তাহেও তিউনিসিয়ার উপকূলে একটি জাহাজডুবিতে সাব-সাহারান আফ্রিকা থেকে আসা ৪০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।





