লা লিগায় নতুন মৌসুমের শুরুটা দারুণভাবেই করলো বার্সেলোনা। সফরকারীদের হয়ে রাফিনিয়া, ফেরান তরেস এবং লামিন ইয়ামালের গোলের সুবাদে মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারায় কাতালান ক্লাবটি। তবে ম্যাচের দৃশ্যপট অনেকটাই পাল্টে যায় মায়োর্কার দুই খেলোয়াড় লাল কার্ড দেখার পর, যেটি দলটিকে দীর্ঘ সময় ৯ জন নিয়ে খেলতে বাধ্য করে।
ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। ডান দিক থেকে ইয়ামালের দারুণ এক ক্রসে হেড করে গোল করেন রাফিনিয়া। গত মৌসুমে ১৮ গোল করা এই ব্রাজিলিয়ান তার নতুন মৌসুম শুরু করলেন গোল দিয়ে।
২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তরেস। ইয়ামালের শট প্রতিহত হলে মায়োর্কার অধিনায়ক আন্তনিও রাইয়ো পড়ে যান, কিন্তু রেফারি খেলা বন্ধ না করায় সুযোগ কাজে লাগান তরেস। ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে জড়ান এই স্প্যানিশ ফরোয়ার্ড। ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ হয়ে মায়োর্কার কোচ এবং মিডফিল্ডার মানু মোরলানেস রেফারির সাথে তর্কে জড়ান—ফলে দুজনই দেখেন হলুদ কার্ড।
এরপরই বড় ধাক্কা খায় মায়োর্কা। ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন মোরলানেস। ৬ মিনিট পর আরও একটি ধাক্কা আসে—বার্সার গোলরক্ষক গার্সিয়াকে বুট মেরে সরাসরি লাল কার্ড দেখেন ফরোয়ার্ড ভেদাত মুরিকি। ফলে প্রথমার্ধেই ৯ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
মায়োর্কার ১০৯ বছরের ইতিহাসে লা লিগায় প্রথমার্ধে দুই লাল কার্ড দেখার ঘটনা এটিই মাত্র দ্বিতীয়বার। আগেরবারও প্রতিপক্ষ ছিল বার্সেলোনা, ২৩ বছর আগে।
৯ জন নিয়ে বাকি সময়টুকু রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল মায়োর্কা। তবে বার্সেলোনার আক্রমণ থেমে থাকেনি। নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে অবশেষে তৃতীয় গোলের দেখা পায় বার্সা। এবার গোলদাতা ইয়ামাল নিজেই। বাঁ দিক থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।
নতুন মৌসুমে এভাবে দাপুটে জয় নিয়ে বার্সা শুরুর বার্তাটাও দিলো বেশ জোরালোভাবে।





