ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন বাজারে শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গণভোট প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে ভোলা জেলা ছাত্রশিবির।
প্রচার কার্যক্রম শুরু হয় লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে এবং বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলা শাখার সভাপতি মো. আবদুল হালিম বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের জন্য জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও জানান, গণভোটে সফল হলে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকার ও বিরোধী দল একত্রে কাজ করবে, ফলে সরকার একপক্ষীয়ভাবে সংবিধান সংশোধন করতে পারবে না এবং ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে।
তিনি সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব তুলে ধরেন, যা গণভোটের বিধান ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। এছাড়া দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে পরিচালিত হবে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে।
এ সময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রশিবিরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।





