বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৫৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ধানক্ষেতে বিষ প্রয়োগের সময় হঠাৎ একটি বন্য হাতির দল তার ওপর আক্রমণ চালায়। এতে তিনি হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে রাত ৮টার দিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।
নিহত ক্যচিং মং মার্মার পিতা বাচিং কারবারী ও মাতা হ্লাচিং মার্মা। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের বাচিং কারবারী পাড়া, ১নং ওয়ার্ড, ২৮৫নং সাংগু মৌজার বাসিন্দা। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকায় প্রায়ই বন্য হাতির বিচরণ দেখা যায়। ফলে মানব–হাতি সংঘাত ক্রমেই বাড়ছে এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।





