চীন-ভারতের উত্তেজনার কেন্দ্র লাদাখ আবারও আলোচনায়। এবার জেন-জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এই হিমালয়ি উচ্চভূমি অঞ্চল।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৪ সেপ্টেম্বর) লাদাখের রাজধানী লেহতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় তারা বিজেপির আঞ্চলিক কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং বহু আহত হন। আহত হন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
গত ছয় বছর ধরে স্থানীয় নাগরিক সংগঠনগুলোর নেতৃত্বে লাদাখের মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ ও অনশন চালিয়ে আসছে। তাদের প্রধান দাবি হলো, বিস্তৃত সাংবিধানিক সুরক্ষা (ষষ্ঠ তফসিল) এবং রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা। ২০১৯ সালে মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। কিন্তু এখানে আইনসভা নেই, ফলে স্থানীয়রা নির্বাচিত নেতৃত্বের সুযোগ থেকে বঞ্চিত।
সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে কিছু তরুণের সহিংস হয়ে ওঠার পর তাকে শুক্রবার গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের আগে তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘এটা তরুণদের ক্ষোভের বিস্ফোরণ—এক ধরনের জেন-জি বিপ্লব।’ তিনি নেপালের সাম্প্রতিক বিক্ষোভের উদাহরণ টেনে সতর্ক করেছিলেন, সরকার যদি জনগণের দাবি না মেনে চলে, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সংঘর্ষের দিনটি লাদাখের ইতিহাসে ‘সবচেয়ে রক্তক্ষয়ী দিন’ বলে অভিহিত করেছেন স্থানীয় সংগঠনের নেতারা। তারা সহিংসতার কারণে অনশন প্রত্যাহার করে শান্তির আহ্বান জানান।
অন্যদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিক্ষোভে ৩০ জনের বেশি নিরাপত্তা সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, যাতে হতাহতের ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের দাবি, ওয়াংচুক জনতাকে উসকানি দিয়েছেন এবং ‘আরব বসন্ত’ বা নেপালের জেন-জি আন্দোলনের প্রসঙ্গ টেনে জনগণকে বিভ্রান্ত করেছেন।
লাদাখ চীন ও পাকিস্তান সীমান্তবর্তী কৌশলগত অঞ্চল। স্থানীয়দের অভিযোগ, জম্মু ও কাশ্মীরের জনগণের মতো তাদেরও নির্বাচিত প্রতিনিধিত্বের সুযোগ থাকা উচিত। অথচ এখন তারা শুধু নয়াদিল্লির নিয়ন্ত্রণাধীন।
বহুদিনের দাবির প্রতি কেন্দ্রের উদাসীনতা, তরুণদের ক্ষোভ এবং আস্থার সংকট মিলিয়ে বুধবারের সহিংসতা মোদি সরকারের জন্য এক বড় রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জে পরিণত হয়েছে।





