বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে কারো দায়মুক্তির প্রসঙ্গই আসেনি। তিনি বলেন, বৈঠকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ গঠনের কথা ছিল এবং সেই আলোচনার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
\r\nসোমবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটির আয়োজন করে নাগরিক ঐক্য।
\r\nসালাউদ্দিন বলেন, “লন্ডনে আলোচনার সূত্র ধরে একটি প্রস্তাবনা তৈরি হয়েছে, যা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। কমিশন তখন তা জনগণকে জানাতে পারবে—সরকার থেকে তারা পরামর্শ বা বার্তা পেয়েছে।”
\r\nতিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত পরবর্তী সংসদে অনুমোদনের প্রয়োজন হবে। সেই রেটিফিকেশন কোথায় ও কীভাবে হবে, তা নিয়েও ভাবতে হবে বলে জানান তিনি।
\r\nবাজেট প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, “২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এটি একটি গতানুগতিক বাজেট, যেখানে জনগণের স্বার্থপ্রধান নয়, বরং আমলাতান্ত্রিক প্রভাব বেশি।”
\r\nতিনি বলেন, “রাজনৈতিক নেতৃত্বহীন বাজেট কখনও জনগণের পক্ষে হয় না। প্রান্তিক মানুষের কথা সংসদে বসেই রাজনীতিবিদদের সিদ্ধান্তে প্রতিফলিত হয়।”
\r\nআওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সালাউদ্দিন বলেন, “ব্রিটিশ উপনিবেশের সময়েও এত লুটপাট হয়নি, যতটা হয়েছে গত ১৬ বছরে। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলে লুটপাটের মাত্রা ব্রিটিশদেরকেও ছাড়িয়ে গেছে।”
\r\nসেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।
\r\nএছাড়া সেমিনারে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাসার হাওলাদারসহ অনেকে।
\r\nবক্তারা বলেন, বর্তমান সংকট উত্তরণে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং কল্যাণমুখী রাষ্ট্রের পথে যাত্রা সম্ভব হয়।





