লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে দলের ফেসবুক পেজে তার বিবৃতি প্রকাশ করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বাড়িতে শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে তার ৮ বছর বয়সী কন্যা আয়শা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তিনি জানান, বেলাল হোসেন এবং তার দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার গুরুতর আহত হয়েছেন। আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মির্জা ফখরুল এই নৃশংস ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছেন।
তিনি বলেন, “দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে শিশুর অকাল মৃত্যু এবং বেলাল হোসেনসহ অন্যদের গুরুতর আহত হওয়ার এই ঘটনা জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক সহিংসতার ভয়াবহ রূপের প্রমাণ।”
\r\n\r\n\r\n\r\n
মির্জা ফখরুল দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এছাড়া তিনি নিহত শিশু আয়শার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।





