লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা পৃথক নির্বাচনী গণমিছিলে অংশ নিতে এসে দুজন কর্মীর মৃত্যু হয়েছে। তারা হলেন জামায়াত কর্মী আবদুস সহিদ (৪৮) এবং বিএনপি কর্মী ওবায়দুল হক (৫০)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

আবদুস সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা। অপরদিকে ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রেজাউল করিমের গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নিতে যাওয়ার পথে আবদুস সহিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সন্ধ্যায় একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণমিছিল চলাকালে বিএনপি কর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকেও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, মিছিলে অংশ নেওয়ার পর আবদুস সহিদ অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ওবায়দুল হক দলের কর্মী ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশ নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও অরুপ পাল জানান, আলাদা সময়ে দুজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা গেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, দুইজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।