‎লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ৫টি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১৬টি অস্ত্রের কার্তুজও উদ্ধার করা হয়। শনিবার ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেপ্তাররা হলেন, আলাউদ্দিন বরকত (৪০) ও পারভেজ হোসেন (৩৫)। এদের মধ্যে আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদক মামলাসহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে। আর পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।

‎সেনাবাহিনী জানিয়েছে, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে শনিবার ভোরে আলাউদ্দিনের বাসায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় বরকত ও পারভেজকে। এ সময় বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়।

‎তারা হলেন, বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাঁদের বিরুদ্ধেও নানা মামলা আছে।

‎উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে আছে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশি এলজি এবং ১৬ রাউন্ড এলজির গুলি।

‎লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এলোপাতাড়ি গুলি করে আরও তিনজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।