র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারিক প্যানেলে গুমের শিকার ব্যারিস্টার আরমান সাক্ষ্য দেবেন। তার সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচারের সম্ভাবনাও রয়েছে।


এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের তিন সাবেক মহাপরিচালক ও ১১ জন সাবেক সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে এ মামলায় ১০ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন।


অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে র‍্যাবের টিএফআই সেল নামে পরিচিত একটি গোপন বন্দিশালায় ব্যারিস্টার আরমানসহ অন্তত ১৪ জনকে গুম করে দীর্ঘদিন নির্যাতন করা হয়। ৫ আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান।


এদিকে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে উত্তরায় অবস্থিত র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। একই দিনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়ার সম্ভাবনার কথাও জানা গেছে।