পটুয়াখালীতে বাস ও র‍্যাবের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন র‍্যাব সদস্য, এক নারী ও এক শিশু। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর মহাসড়কটি প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

নিহতরা হলেন র‍্যাবের গাড়িচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলীম (৩৩), বাসের যাত্রী আফরোজা (৩৫) এবং শিশু পিয়াম (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। অপরদিকে র‍্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে র‍্যাব সদস্য আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্টে নেওয়া হলে তাদেরও মৃত ঘোষণা করা হয়।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”