রাজধানীর মেট্রোরেলে চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে এই নতুন সূচি কার্যকর হবে। একই সঙ্গে আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের সূত্র জানায়, নতুন সূচিতে সকালে মেট্রোরেল চলাচল শুরু হবে আধা ঘণ্টা আগে এবং রাতে চলবে আধা ঘণ্টা বেশি। ফলে যাত্রীদের জন্য সার্বিক সেবা সময় এক ঘণ্টা বাড়বে।
বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। রোববার থেকে তা ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। শেষ ট্রেন ছাড়বে রাত ৯টার পরিবর্তে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টার পরিবর্তে সকাল ৭টায়, আর শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ১০টা ১০ মিনিটে।
শুক্রবার চলাচলের সময়ও বাড়ছে। এখন যেখানে বেলা ৩টায় মেট্রোরেল চলাচল শুরু হয়, নতুন সূচিতে শুরু হবে বেলা আড়াইটায়, আর শেষ ট্রেন ছাড়বে আধা ঘণ্টা দেরিতে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “পর্যায়ক্রমে যাত্রীসেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর পরিকল্পনা আছে। ট্রিপ বাড়ানোর আগে আরও কয়েক দিন পরীক্ষা চালানো হবে। নভেম্বরের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।”
বর্তমানে মেট্রোরেল দিনে গড়ে ২৩৮টি ট্রিপে প্রায় সাড়ে চার লাখ যাত্রী পরিবহন করে। সময় ও ট্রিপ বাড়ালে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে ডিএমটিসিএল।
ট্রিপ বাড়ানোর ফলে ট্রেনের মধ্যবর্তী সময় (হেডওয়ে) কমে আসবে। এখন ব্যস্ত সময়ে দুই ট্রেনের ব্যবধান ৬ মিনিট, কম ব্যস্ত সময়ে ৮ মিনিট এবং একেবারে কম ব্যস্ত সময়ে ১০ মিনিট। আগামী মাস থেকে এই সময় যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ১২ সেট ট্রেন দিয়ে যাত্রী পরিবহন করা হলেও বাড়তি সময় চালু হলে ১৯ সেট ট্রেন সার্বক্ষণিক চলবে।
মেট্রোরেলের নিয়মিত যাত্রী ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তা আরশাদুল হক বলেন, “ঢাকার যানজটের বাস্তবতায় মেট্রোরেলের সময় ও ট্রিপ বাড়ানো খুবই ইতিবাচক উদ্যোগ। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে, সেবার মানও বাড়বে।”
২০১২ সালে অনুমোদন পাওয়া মেট্রোরেল প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা, যা বর্তমানে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এই প্রকল্পে প্রায় ১৯ হাজার ৭১৮ কোটি টাকা ঋণ দিয়েছে।
বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয় ২০২২ সালের ২৮ ডিসেম্বর। শুরুতে তা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলত। ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে এখন মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে। বর্তমানে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।





