নারায়ণগঞ্জ(রূপগঞ্জ) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সকল এমপিপ্রার্থীদের নিয়ে প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ, র্যাব-১১ ও র্যাব-১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, জেলা আনসার কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইমদাদুল হাশেমী, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দীন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান চন্দন, বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী রেহান আফজালসহ অন্যান্য প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন অনুপস্থিত ছিলেন।
সভায় প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। পাশাপাশি প্রশাসন রূপগঞ্জে সম্ভাব্য সংকট মোকাবেলা ও সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা অভিযোগ করেন, রূপগঞ্জের কায়েতপাড়া, গোলাকান্দাইল ও ভুলতা এলাকায় ভোটারদের ভোটের প্রচারে বাধা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “দেশের জনগণের প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন। অতীতে ভোট দিতে না পারার অভিযোগ ছিল, এবারের নির্বাচনে সে অভিযোগের সুযোগ থাকবে না। সকল প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করা হবে এবং কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা আমাদের মূল লক্ষ্য। সচেতন জনগণকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে, যাতে আগামী ১০০ বছরেও একটি নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা যায়।”





