বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার মো. আসাদুল হক বাবুর হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।


শনিবার (২৩ আগস্ট) দুপুরে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। যাত্রাবাড়ী থানার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান আদালতে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।


আসামির উপস্থিতিতে বিকেল সাড়ে তিনটায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক শেখ কামাল।


এর আগে, ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আসাদুল হক বাবু। নিহতের বাবা জয়নাল আবেদীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করেন। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।