বিএনপির ঢাকা-১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ অপ্রাসঙ্গিক কথা বলার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন।


বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ঢাকার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।


অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে ববি হাজ্জাজ সবাইকে সালাম জানান এবং রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান, যাতে সবকিছু পরিষ্কারভাবে জানানো ও আলোচনা করার সুযোগ মিলেছে। তিনি ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের অন্যান্য প্রার্থীদেরও প্রশংসা করেন।


ববি হাজ্জাজ বলেন, “১৫ বছর পর আমরা গণতন্ত্র চর্চার সুযোগ পাচ্ছি। আমার আসলে কোনো প্রশ্ন নেই। তবে আমার নাম কয়েকবার উচ্চারিত হওয়ায় একটি বিষয় পরিষ্কার করতে চাই।”


তিনি আরও বলেন, “আমার পক্ষ থেকে কোনো নির্বাচনি প্রচারণা হয়নি। কেউ যদি মোহাম্মদপুর এলাকায় ধানের শীষের পোস্টার আমার সঙ্গে দেখাতে পারেন, আমরা আলোচনায় বসব। এছাড়া, যদি কেউ ভিডিও করে থাকেন, দেখাতে পারেন। আমি মোহাম্মদপুরে আসার পর থেকে এলাকাটির জন্য কাজ করছি—খাল পরিষ্কার করা, রাস্তা পরিচ্ছন্ন রাখা এবং এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নিচ্ছি। মসজিদে গেলেও আমি শুধু এলাকার মানুষদের সঙ্গে আলোচনা করি, সবাই মিলে এলাকায় সন্ত্রাস কমানোর জন্য।”


এই সময়ে রিটার্নিং কর্মকর্তা তাকে থামিয়ে বলেন, “একটু থামুন। এইভাবে কথা বললে পরিবেশ বজায় রাখা কঠিন হবে।”


এরপর ববি হাজ্জাজ বলেন, “স্যরি, আমি ক্ষমা চাচ্ছি। আমি কোনো প্রচারণা করছি না, শুধু প্রশ্নের উত্তর দিয়েছি।”


রিটার্নিং কর্মকর্তা শেষবার বলেন, “আপনাদের এক মিনিটের মধ্যে শেষ করতে হবে। কেউ দয়া করে পরিবেশ উত্তেজিত করবেন না। যাদের কাছে সুনির্দিষ্ট কিছু আছে, সেটিই বলুন।”