বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ সদস্যরা নিজেদের কাজ না করে উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আইন প্রণয়নের বদলে তারা রাস্তা নির্মাণ, ভবন উন্নয়ন কিংবা গাড়ি কেনার মতো বিষয় নিয়েই ব্যস্ত থাকেন। তিনি মন্তব্য করেন, “রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের।”


\r\n

শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


\r\n

মির্জা ফখরুল বলেন, “আমি যখন প্রগতিশীল সমাজ চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু ব্যবস্থা চাই, বৈষম্য কমাতে চাই— তখন দেখি ভিন্ন চিন্তা চাপিয়ে দেওয়া হচ্ছে। মানুষের ভাবনাকে ডাইভার্ট করে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। এতে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়।”


\r\n

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। তিনি বলেন, “এই ক্ষতিপূরণ দেড় বছরে হবে—এমনটা ভাবার কোনো সুযোগ নেই।”


\r\n

আমলাদের প্রভাব নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সবকিছু নিয়ন্ত্রণ করছে আমলারা। অনেক ক্ষেত্রে উপদেষ্টারাও অসহায় হয়ে পড়ছেন। একজন মফস্বলের শিক্ষককে ছোটখাটো সমস্যা সমাধানে ঢাকায় আসতে হয়। এ ব্যবস্থার পেছনে দায়ী সিস্টেম। ঘুষের প্রবাহও এভাবেই আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুলের শিক্ষক কিংবা নার্স—সবখানেই নিয়োগ হয় ঘুষ দিয়ে।”


\r\n

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম. মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্পণ আলোক সংঘের চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন।