মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: বিশ্ব
তারিখ: ১৬ আগস্ট, ২০২৫
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১, আহত ১৩০
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫
পড়ার সময়: 1 মিনিট
রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার ও গোলাবারুদ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং আরও অন্তত ১৩০ জন আহত হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে মস্কোর উপকণ্ঠে অবস্থিত একটি এলাস্টিক গানপাউডার কারখানায়, যেটি বন্দুকের গুলি ও সামরিক সরঞ্জামের জন্য ব্যবহৃত বিস্ফোরক তৈরি করে থাকে।
রাশিয়ার জরুরি বিভাগ জানায়, বিস্ফোরণের পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা টানা কাজ করছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ দেখা গেছে।
এ ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রিয়াজান অঞ্চলে একদিনের শোক ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গভর্নর পাওয়েল মালকভ এক বিবৃতিতে জানান, “বিস্ফোরণে হতাহতদের স্মরণে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।”
এর আগে ২০২১ সালেও একই কারখানায় একটি বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার মতোই এবারও কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাশিয়ায় এ ধরনের সামরিক ও রাসায়নিক কারখানায় দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে থাকে। অনেক ক্ষেত্রে পুরনো যন্ত্রপাতি, নিরাপত্তা ত্রুটি ও তত্ত্বাবধানের অভাবকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করা হয়।