রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্প্রতি আশঙ্কাজনক হারে মশার প্রকোপ বেড়েছে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে মশার উপদ্রব কমাতে ফগার মেশিন ব্যবহার করে মশা নিধন কর্মসূচি পরিচালনা করেছে রাবি শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ। এসময় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
 

কর্মসূচি নিয়ে ছাত্রদল নেতা ফাইজাল গাজী অমি বলেন, ‘সাধারণ শিক্ষার্থী হিসেবে এটি আমাদের দায়িত্ব না হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সচেতন করতেই আমরা এ উদ্যোগ নিয়েছি। মশার উপদ্রবে প্রতিনিয়ত শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘প্রতিনিয়ত মশার উপদ্রব বাড়ায় শিক্ষার্থীরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। প্রশাসনের প্রতি বারবার দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই শিক্ষার্থীদের পাশে থাকতে আমরা এই কর্মসূচি নিয়েছি। আজ শহীদ জিয়াউর রহমান হলে কর্মসূচি শুরু করেছি, ভবিষ্যতে ক্যাম্পাসের অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।’

উল্লেখ্য, বর্ষা মৌসুমে মশার বিস্তার বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এমন উদ্যোগ প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।