রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করায় শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি এ আর মিলন খানকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঘটনার সূত্রপাত হয় ২ সেপ্টেম্বর। রাবির জুলাই-৩৬ হলের ৯১ জন ছাত্রীকে প্রভোস্ট অফিসে তলব করার প্রতিবাদে শাখা ছাত্রদলের সহসভাপতি জান্নাতুল নাঈমা তুহিনার ফেসবুক পোস্টে মন্তব্য করে মিলন ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ আখ্যা দেন।

এ ঘটনায় মিলনের পদ সাময়িক স্থগিত করে তদন্ত কমিটি গঠন করা হয়। শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ ও সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে কমিটি তাকে একাধিকবার জবাব দিতে বললেও তিনি কোনো ব্যাখ্যা না দিয়ে ফোন বন্ধ করে দেন। তদন্তে তার মন্তব্য ইচ্ছাকৃত বলে প্রমাণিত হয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মিলনের প্রাথমিক সদস্যপদ ও সাংগঠনিক পদ বাতিল করে তাকে আজীবনের জন্য বহিষ্কার ঘোষণা করা হয়। একই সঙ্গে সংগঠনের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “ছাত্রদল সবসময় নারীর সম্মান রক্ষায় বদ্ধপরিকর। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের কাছেও আবেদন করেছি যেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”