রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১৯মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আরাফাত শাওন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তার স্নাতকোত্তর শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তা দিয়ে হেঁটে হলে ফিরছিল শাওন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। পরে তার মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তার পেটের দুই জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তিনি নিজেই দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে আসেন। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। অপারেশন শেষে তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।





