রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় তায়কোয়ানডো, এ্যাথলেটিকস, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের ব্লেজার ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আয়োজনে ৬২ জন অংশগ্রহণকারীকে ব্লেজার প্রদান করা হয়। পাশাপাশি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ এবং রানার্স আপ ট্রফি পেয়েছে মনোবিজ্ঞান বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, “খেলার মাঠে বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলাধুলা একটি জাতির সভ্যতার প্রতীক, সেই সভ্যতা বজায় রাখতে শৃঙ্খলা অপরিহার্য।” তিনি আরও বলেন, “যদি আমরা শৃঙ্খলা না মানি, তবে তা হবে ক্রীড়াচর্চার মূল উদ্দেশ্যের সঙ্গে বেইমানি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। এছাড়া শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীদের এমন সাফল্যকে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বীকৃতি ও উৎসাহ দিয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানায়।





