যাত্রীচাহিদা মেটাতে মেট্রোরেলের সময়সূচিতে বড় পরিবর্তন আসছে। শিগগিরই মেট্রোরেল চালু হবে আরও আগে, আর বন্ধ হবে আরও দেরিতে। ফলে সকাল ও রাতে আধাঘণ্টা করে অতিরিক্ত সময় ট্রেন পাওয়া যাবে। এ ছাড়া ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) ট্রেনের বিরতি কমে হবে মাত্র সোয়া ৪ মিনিট। বর্তমানে এই বিরতি সর্বনিম্ন ৬ মিনিট।

নতুন সূচি কার্যকর হবে দুই সপ্তাহ পর। এর আগে এই শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো শুরু হবে, তখনও যাত্রী পরিবহন করা হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, পরিবর্তন কার্যকর হলে মেট্রোরেলের সক্ষমতা প্রায় পূর্ণ মাত্রায় ব্যবহৃত হবে। বর্তমানে দৈনিক গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেন, যা নতুন সূচি চালু হলে ৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নতুন সূচি: উত্তরা থেকে প্রথম ট্রেন: সকাল ৬টা ৪০ মিনিটে (আগে ছিল ৭টা ১০ মিনিটে), উত্তরা থেকে শেষ ট্রেন: রাত সাড়ে ৯টায় (আগে ছিল ৯টায়), মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭টায় (আগে ছিল সাড়ে ৭টায়), মতিঝিল থেকে শেষ ট্রেন: রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল ৯টা ৪০ মিনিটে), শুক্রবারে চলাচল শুরু হবে বিকেল আড়াইটায় (আগে ছিল ৩টায়), আর রাতে আধা ঘণ্টা বেশি চলবে।

বর্তমানে দিনে ২৩৭টি ট্রিপ হয়, নতুন সূচিতে তা আরও বাড়বে। অব্যবহৃত ট্রেনের সেট লাইনে আনা হবে। এখন যেখানে ১৩ সেট ট্রেন নিয়মিত চলে, নতুন সূচিতে ব্যবহার হবে ২০ সেট। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে, আয় বাড়বে এবং সড়কের চাপও কমবে।

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল চালুর সময় প্রতিশ্রুতি ছিল পিক আওয়ারে সাড়ে ৩ মিনিট পরপর ট্রেন চালানোর। নতুন সূচি চালু হলে সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যাবে।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালু হয় ২০২২ সালের ২৮ ডিসেম্বর। বর্তমানে লাইন-৬ এ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।