রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন হল সংসদ নির্বাচনে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে এর মধ্যে ছাত্রদের জন্য ১১টি ও ছাত্রীদের জন্য ৬টি হল রয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর রাকসু রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলভিত্তিকভাবে হলেন: বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন।
তবে রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে এসব পদ শূন্য থাকবে। এ প্রসঙ্গে অধ্যাপক সেতাউর রহমান জানান, “যেসব পদ ফাঁকা রয়েছে, সেগুলো পূরণের আর কোনো ব্যবস্থা নেই। ওই পদ ছাড়া সংসদ চালু থাকবে।”
রাকসুর এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।
কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী এবং সিনেটে ৫৮ জন। ১৭টি হল সংসদে লড়ছেন ৫৯৭ জন প্রার্থী। ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনকে ঘিরে ১৭টি হলে মোট ৯৯০টি বুথ থাকবে। শিক্ষার্থীরা ছয় ধরনের ব্যালটে ভোট দিয়ে রাকসু, সিনেট ও হল সংসদের প্রতিনিধিদের নির্বাচিত করবেন।





