জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের আলোচনার দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছে। এই সংলাপের মূল উদ্দেশ্য হলো জুলাই সনদ ঘোষণার কাজটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। 

আগামীকাল (২জুন) বিকেল সাড়ে চারটায় ঢাকার হেয়ার রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ ঢাকায় আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, ‘সংস্কার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল রাজনৈতিক দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি, এই সংলাপের মাধ্যমে জুলাই সনদ ঘোষণার কাজটি চূড়ান্ত করা সম্ভব হবে।’

আবুল কালাম আজাদ আরও জানান যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ ধারাবাহিকভাবে চলবে। আগামীকালের সংলাপ ছাড়াও ঈদের আগে ও পরে আরও কয়েকটি সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিডিয়া ব্রিফিংয়ের সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সেখানে উপস্থিত ছিলেন।