রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে দুই ব্যক্তি বোরকা পরে শপিং মলে প্রবেশ করে শম্পা জুয়েলার্সের শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করেন। পরে তারা বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
দোকান মালিকের দাবি, দোকানে প্রায় ৪০০ ভরির মতো স্বর্ণালংকার ও ১০০ ভরি বন্ধক রাখা স্বর্ণ ছিল। এছাড়া প্রায় ৪০ হাজার টাকা নগদও চুরি হয়েছে। তিনি বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি, দোকান খালি।”
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বলেন, “দোকান মালিকের অভিযোগ অনুযায়ী প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
এর আগে গত রোববার যাত্রাবাড়ীতে একই ধরনের ঘটনায় একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে ১২৫ ভরি স্বর্ণ ও পৌনে তিন লাখ টাকা চুরি হয়। পুলিশ বলছে, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।





