রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এই পরিস্থিতি সৃষ্টি হয়। সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান থেকে পানি ছোড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



ঘটনার সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পথচারী ও সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন। জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে পুলিশ কোনো সতর্কতা ছাড়াই আচমকা হামলার মতো আচরণ করে। জলকামান থেকে পানি ছুড়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তারা বারবার অনুরোধ করলেও পুলিশ সম্মেলন চালিয়ে যেতে দেয়নি।


রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, জাতীয় পার্টিকে আগেই সমাবেশ না করার জন্য নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা তা উপেক্ষা করে সড়ক বন্ধ করে মঞ্চ বানিয়ে বড় আকারে জমায়েত শুরু করে। তার ওপর দুইটি গ্রুপ উপস্থিত থাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। তিনি বলেন, ছোট পরিসরে সমাবেশ হলে হয়তো বিষয়টি ভিন্ন হতো।