রাজধানীতে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে, যা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে একত্রিত হওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই সম্মিলন অনুষ্ঠিত হবে। এটি সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে আয়োজন করেছে।
সাম্প্রতিক সময়ে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতার শিকার হচ্ছে। এ ধরনের হামলা নজিরবিহীন এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
সম্মিলনে সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, পেশাগত মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এতে নোয়াব ও সম্পাদক পরিষদের সদস্যদের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে একত্রিত হওয়ার এই আয়োজনে আমন্ত্রিত গণমাধ্যম প্রতিনিধি ও কলাম লেখকরাও অংশগ্রহণ করেছেন।





