জমকালো আয়োজনে পর্দা নামলো ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫ রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আয়োজক ও একাডেমিশিয়ানরা।

এবারের অলিম্পিয়াডে ৭০টিরও বেশি ইংরেজি মাধ্যম ও সংস্করণ স্কুলের প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী অংশহঃ প্রতিযোগিতার মধ্য থেকে সেরা ১০০ জনকে বাছাই করে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি প্রদান করা হয়। প্রতি গ্রুপে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার-আপ ও সেকেন্ড রানার-আপ যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, “আমরা বাঙালিরা মেধায় বিশ্বকে চমকে দিতে পারি। তবে এজন্য প্রয়োজন বিজ্ঞানের মূলভিত্তি—গণিত, পদার্থ ও রসায়নে দক্ষতা। আগামীর শিল্পবিপ্লবে এগিয়ে থাকতে হলে আমাদের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির যোগ্যতা অর্জন করতেই হবে”


সভাপতির বক্তব্যে ক্লারিয়ন কলের সম্পাদক কর্নেল (অব.) জেড আর এম আশরাফ উদ্দিন, পিএসসি বলেন, “গণিত বিজ্ঞানের মূল। আমরা চাই নতুন প্রজন্ম আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের মেধার স্বাক্ষর রাখুক। দেশ ও বিশ্বকে আলোকিত করতে নতুন জামাল নজরুল ইসলাম কিংবা গ্রেটা থুনবার্গের মতো তরুণ দরকার।”

কীনোট স্পিকার ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ আলি। এছাড়া উপস্থিত ছিলেন জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ মিসেস মিনি মোশারাত সাইদ, এসএসডির উপদেষ্টা ফয়সাল, বিন রহমান ও নির্বাহী সম্পাদক মো. নিয়ামত উল্লাহ, স্বদেশ বাংলা মিডিয়া লিমিটেডের এমডি রিয়াসাদ উদ্দীন, বিভিন্ন শিক্ষাবিদ ও অভিভাবক, ভলান্টিয়ার ও আয়োজকবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে গণিতকে জনপ্রিয় করতে এবং শিক্ষার্থীদের প্রতিভা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে ২০২৪ সাল থেকে ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালেও ৮ অঞ্চলে, বারোটি ভেন্যুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।